রাজিবপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

অনলাইন ডেস্ক

‘সবুজে সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।

তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের মতো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু গাছের চারা গ্রহণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। তাহলেই ভবিষ্যতে এর প্রকৃত সুফল পাওয়া যাবে।

বিশেষ অতিথি রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব পেয়েছে এবং বর্তমানে দেশজুড়ে যে সবুজায়ন কার্যক্রম চলছে, বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে। এ ধরনের সামাজিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

উপজেলা সাব-রেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, একটি দেশের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় মোট আয়তনের ২৫ থেকে ৩০ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। নির্বিচারে বন উজাড় ও গাছ কাটার কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন স্পষ্ট হচ্ছে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়া উচিত।

রাজিবপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া বলেন, সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়নের সঙ্গে সম্পৃক্ত করা। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, রাজিবপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের আরিফ মাহমুদ, রাসেদুল, মাসুদ রানা, ওসমান, আশিক, মামুন, রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights