রাবার ড্যাম ফুটো, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
দিনাজপুর প্রতিনিধি
দেশের অন্যতম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামটি ফুটো হওয়ায় সেচ মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শত শত কৃষক। সংকটে পড়েছে দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার নয়টি ইউপির প্রায় ছয় হাজার হেক্টর জমি। শুকনো মৌসুমে রাবার ড্যামটি ফুলিয়ে আত্রাই নদীর ৪৪ কিলোমিটার এলাকায় পানি ধরে রাখা হয়। আর এই পানি দিয়ে দিনাজপুরের দুই উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে সেচ সুবিধায় বোরোসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়।
কিন্তু ড্যামটির রাবার ফুটো হওয়ায় পানি ধরে রাখতে পারছে না। ফলে শুকিয়ে যাচ্ছে দুই উপজেলার চাষের সেচের উৎস আত্রাই নদীর পানি এলাকা। নদীর কোনো কোনো স্থানে পরিণত হয়েছে ধু-ধু বালুচরে। সেচ নির্ভর ভরা মৌসুমে এ অবস্থায় বিপাকে পড়েছেন শত শত কৃষক। গত মৌসুমেও একই অবস্থা হয়।
এদিকে, জানা যায় ড্যামের রাবারটি বার বার ফুটো হয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাবার ড্যামের রাবারটি পুরোটাই পরিবর্তন করলে এর স্থায়ী সমাধান হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুকনো মৌসুমে সেচকাজে কৃষকের পানির সুবিধার্থে দিনাজপুরের চিরিরবন্দরের সাঁইতাড়া ইউপিতে কাঁকড়া নদীতে সরকার ২০০১ সালে একটি রাবার ড্যাম নির্মাণ করে। শুকনো মৌসুমেও বেশি পানি ধরে রেখে সেচ সুবিধা বিবেচনায় ২০১৩ সালে সদর উপজেলার মোহনপুর গ্রামে আরও একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। কয়েক বছর ধরে শুকনা মৌসুমে দুটি রাবার ড্যাম চালু রেখে পানি ধরে রাখার মাধ্যমে আত্রাই ও কাঁকড়া নদীর দুই পাড়ের বিস্তীর্ণ মাঠ সেচের আওতায় এনে ফসল ফলানো হচ্ছে। তবে গত দুই বছর ধরে কৃষক মোহনপুর রাবার ড্যামের সেচ সুবিধা পাচ্ছে না। কখনো বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবার কখনো রাবার ড্যামের বেলুনের পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে পানি আটকানো সম্ভব হচ্ছে না। ফলে চলতি ইরি-বোরোর মৌসুমে মাঠের পর মাঠ ফসলি জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তারা স্থায়ী সমাধান চান।
মোহনপুর রাবার ড্যামের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, পাইপে ফুটো আছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গত মৌসুমের শেষ দিকে ঠিক করি। কিন্তু এবার আবার পাইপ ফুটো হয়ে গেছে। গত এক মাস ধরে আলোচনা চলছে তারা দ্রুত ঠিক করে দেবে জানিয়েছে।
চিরিরবন্দরের ভাবকী গ্রামের কৃষক মোকসেদুল ইসলাম জানান, আড়াই বিঘা বোরো চাষের জমিতে প্রস্তুতি নিয়েছেন। প্রতিবছর আত্রাই নদীতে রাবার ড্যামের আটকানো পানি দিয়েই তিনি এই বোরো চাষ করেন। কিন্তু এবারও রাবার ড্যামটি নষ্ট হওয়ায় পানির অভাবে জমি প্রস্তুত করতে এবং বোরো ধান রোপণে সমস্যায় পড়েছি। একই অবস্থার কথা জানালেন কৃষক ইমদাদ হোসেনসহ অনেকে।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, গত বছরের রবি মৌসুমে একই অবস্থা হলেও সেটি মেরামত করে মৌসুমের কৃষক সুবিধা পেলেও আবারও পূর্বের মতো মোহনপুর রাবার ড্যামে বেলুনের পাইপ নষ্ট থাকায় পানি আটকানো যাচ্ছে না। কৃষকের অভিযোগের পর বিষয়টি নিয়ে এলজিইডিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং বিষটি দ্রুত সমাধান করা হচ্ছে বলে জানান তারা। রাবার ড্যামটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এবং এর রক্ষণাবেক্ষণও করে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এফ এম খায়রুল ইসলাম রাবার ড্যামের ফুটোর বিষয়ে জানান, রাবার ড্যামটি ফুটো হয়েছে। তাছাড়া রাবার ড্যামের দুইধারে মেরামত করতে হবে। পানি বেশি থাকলে এটি সংস্কার করা সম্ভব হয় না। তাই পানি কমে আশায় এখন কয়েকদিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে। মেরামতের জন্য বরাদ্দ পেয়েছি, টেন্ডার হয়েছে। রাবার ড্যামের সমস্যা দূর করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে। আশা করছি চলতি বোরো মৌসুমে কৃষকরা এর সুবিধা পাবে।
