রাবিতে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাফায়াত সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগ কর্মী আল আমিনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযুক্ত সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। এ ঘটনায় আল আমিনের সহযোগী হিসেবে রিয়ানসহ আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী ছিলেন বলে জানান শাফায়াত।

শাফায়াত বলেন, সকালে কর্মসূচি যাওয়ার জন্য আমাকে ডাকা হয়, তখন আমি কাজ করছিলাম। কাজ শেষ করেই যাওয়ার কথা বলি। তখন আল আমিন বলে, তোর জন্য কি সবাই বসে থাকবে? এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। ধাক্কাধাক্কিও হয়েছে। পরে তারা চলে যায়। অন্যরা নিষেধ করায় আমি আর তখন কর্মসূচিতে যাইনি। কর্মসূচি শেষ করে আল আমিন ও রিয়ানসহ কয়েকজন এসে আবার আমাকে মারধর করে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতার কথা জানান তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে আল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত রিয়ান বলেন, তাকে কর্মসূচিতে যাওয়ার জন্য বলা হয়, সে যাবে না বলে জানায়। এই নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাফায়াত বটি নিয়ে আমাদের কোপ দেয় কিন্তু সৌভাগ্যক্রমে সেটা লাগেনি।

বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, কর্মসূচিতে আসা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জেনেছি। মারধরের বিষয়টি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে হল প্রাধ্যক্ষকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রাধ্যক্ষের মাধ্যমে জানতে পেরেছি ওটা নাকি তাদের (ছাত্রলীগের) অভ্যন্তরীণ বিষয়। আমার কাছে এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights