রাবির হলে মশারির ওপর থেকে বিষধর সাপ উদ্ধার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে টাঙানো মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটি দেখতে পান শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীরা সাপটি দেখতে পাওয়ার পর স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সামিত ও সাজ্জাদ নামের দুই স্বেচ্ছাসেবক সাপটি উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, সাপটি ‘পাতি কালাচ’ বা ‘পাতি কেউটে’ (Common Krait) প্রজাতির এবং এটি বিষধর।

উদ্ধাকারী সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচারের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ জানান, কালাচ সাপ অনেক সময় খাবারের সন্ধানে কিংবা আশ্রয়ের জন্য মানুষের বসতঘরে এবং বিছানায় উঠে আসতে পারে। এ ধরনের সাপের উপস্থিতি এড়াতে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি বিছানার সঙ্গে ভালোভাবে গুঁজে ঘুমানোর পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে সোয়ানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রশিক্ষণ ও বন বিভাগের নির্দেশনা ছাড়া কেউ যেন কোনো অবস্থাতেই বন্যপ্রাণী ধরতে বা স্পর্শ করতে না যান। এতে সাপের কামড়সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights