রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ : সেই টিটি সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি

ট্রেনে রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ট্রেন টিকিট পরিদর্শক (টিটি) সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেল কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়েছে। অভিযুক্ত টিটি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভোর ও রাতে রাজশাহীগামী আন্তঃনগর তিনটি ট্রেনের বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থী ফোরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফোরকান উদ্দিন অভিযোগ করেন, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফেরার পথে তিনি দেখতে পান, টিটি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। এর প্রতিবাদ করলে কয়েকজন তাকে সিট থেকে তুলে ট্রেনের দরজার কাছে নিয়ে মারধর করেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের জানালার পাশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। এতে তার চশমা ভেঙে যায়।

এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রায় ছয় ঘণ্টা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাবি শিক্ষার্থীরা। রাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অভিযুক্ত টিটির স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবি জানিয়েছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে- রেলে ভ্রমণকারী নাগরিককে হত্যাচেষ্টার ঘটনায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযুক্ত টিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়া এবং দূরপাল্লার সব ট্রেনের বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights