রাবি শিক্ষা কার্যক্রম চালু রবিবার, শিগগিরই স্নাতক প্রথমবর্ষে ক্লাস

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস শুরু হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডীনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

কোষাধ্যক্ষ জানান, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।
এর আগে গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করলে অচলাবস্থার সৃষ্টি হয়।

স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক আ স ম কামরুজ্জামান বলেন, আগামী রবিবার থেকে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights