রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা রোহিঙ্গা নাগরিক।

নিহতরা হলেন— ছেমন আরা (২৫) ও তার তিন বছরের কন্যা আসমা বিবি।

পরিবার সূত্রে জানা যায়, ভোরে মানুষের চিৎকারে ঘুম ভাঙার পর বাড়ির আঙিনায় বের হলে বন্য হাতির পালের মুখে পড়েন তাঁরা। এ সময় স্বামী মো. একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে সরে যেতে সক্ষম হলেও ছেমন আরা ও তাঁর শিশুকন্যা হাতির আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। তারা কয়েকটি বসতঘরের দেয়াল ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন বাবুল বলেন, হাতির পালটি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সামনে পড়ায় মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা রুজু করা হবে।

বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার দক্ষিণ বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights