রায়পুরে বড় ভাইকে হত্যার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার দুপুরে ৯ জনকে আসামি করে নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০) বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, শনিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাটে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সাইফুল আলম মৃধা (৬০)। তিনি কবিরহাটের মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। নিহত সাইফুল ঢাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুলের ছোট ভাই দেলোয়ারের সঙ্গে বিরোধ চলছিল। নারিকেল গাছ নিয়ে শনিবার কয়েক দফা দুই ভাইয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। বিকেলে জমি ও গাছের কাছে যান সাইফুল। এ সময় দেলোয়ার মৃধা, স্ত্রী নাজমুন নাহার (৩৫), শ্যালক আবু ছিদ্দিক রিপন (৪৮), সহযোগী আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেনসহ (৩০) প্রায় ১০-১২ জন হামলা চালায়। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ও মুঠোফোন বন্ধ থাকায় তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন বলেন, মামলা দায়েরের পর মিসু আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights