রাশিয়ায় ডে-কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে দুই শিশু নিহত

অনলাইন ডেস্ক

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে একটি বেসরকারি ডে কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হন, যাদের মধ্যে সাতজনই শিশু। স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ শিশুদের ডে কেয়ার সেন্টারে আছড়ে পড়লে দুই শিশু প্রাণ হারায় এবং সাত শিশুসহ নয়জন আহত হয়। এ হামলায় রাশিয়ার অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ‘ওজোন’-এর একটি বড় গুদামেও আগুন ধরে যায়। তবে স্তাভরোপোল এলাকার একটি রাসায়নিক কারখানায় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে রুশ বাহিনী।

অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের উপকণ্ঠে রাশিয়ার এক হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সহায়তা চাইছে।

ক্রাসনোদারে ড্রোন হামলার কারণে একাধিক আবাসিক ভবনে ধ্বংসাবশেষ পড়ে এবং একটি লজিস্টিকস হাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা রুশ অনলাইন রিটেইলার ওজোনের গুদামের সঙ্গে যুক্ত ছিল বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এছাড়া, ক্রাসনোদার সংলগ্ন স্টাভরোপল অঞ্চলের শিল্পনগরী নেভিনোমিস্কে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লজিস্টিকস হাব ও গুদামঘরে হামলা জোরদার করায় যুদ্ধ আরও সাধারণ নাগরিক জীবনের কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে “প্যান্ডোরার বাক্স” খুলে দিয়েছে এবং এর পাল্টা জবাবে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে আঘাত হানবে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights