রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে উত্তেজনা, রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল পোল্যান্ড

অনলাইন ডেস্ক

পোলিশ ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) পোল্যান্ড নিশ্চিত করে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডে পড়ে বিস্ফোরিত হলে ন্যাটো ও পোল্যান্ড যুদ্ধবিমান আকাশে পাঠায়। ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডের প্রায় ৯০ কিলোমিটার ভেতরে পড়ে বিস্ফোরিত হয় এবং এতে মাটিতে গর্ত হয়ে যায় বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনার জন্য পোল্যান্ড তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দোষারোপ করে। এবার তারা ওয়ারশ’য় অবস্থিত রুশ দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাল।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেইসিজ ভেভিওর সাংবাদিকদেরকে বলেন, আমরা রাষ্ট্রদূতকে একটি সার্বভৌম রাষ্ট্র ও এর নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত শত্রুতামূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছি।

তিনি আরো বলেন, আমরা এমন সব কর্মকাণ্ডের অবসান দাবি করি, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করে এবং একইসঙ্গে উড়োজাহাজ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত রাশিয়ার দূতাবাস মন্তব্যের জন্য ইমেইলে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনও সাড়া দেয়নি। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিস শুক্রবার বলেছেন, ওয়ারশ নিশ্চিত করে জানিয়েছে যে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মস্কোর কাছে কোনো এলাকায় তৈরি করা হয়েছিল।

এক্সে তিনি লেখেন, তার মানে হচ্ছে- রাশিয়া ইউক্রেইনে হামলা চালাতে নতুন তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এতে রাশিয়ার যুদ্ধকালীন মজুদ ফুরিয়ে আসা নিয়ে যে সব খবর পাওয়া গেছে, সেগুলোই নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights