রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা হবে, অঙ্গীকার জেলেনস্কির
অনলাইন ডেস্ক
২০১৪ সাল থেকে ক্রিমিয়া দখল করে আছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করার অঙ্গীকার করেছেন।
এমন এক সময় তিনি এই অঙ্গীকার করলেন যখন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
খবরে বলা হয়েছে, যুদ্ধবিমান সরবরাহের অঙ্গীকার পাওয়ায় জেলেনস্কির আত্মবিশ্বাস বেড়ে গেছে। গতকাল এক বক্তব্যে তিনি বলেন, ‘যুদ্ধে রাশিয়া অবশ্যই পরাজিত হবে আর তার দেশ ইউক্রেন বিজয়ী হবে।’ কারণ হিসেবে তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে পরাজিত দেখার জন্য ঐক্যবদ্ধ এবং সত্য ইউক্রেনের পক্ষে।
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। জেলেনস্কি তার একাধিক বক্তব্যে বলেছেন, যত দিন পর্যন্ত ক্রিমিয়া মুক্ত না হবে, ততদিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।
বুধবার এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের অন্যান্য অঞ্চলের মতো ক্রিমিয়াকেও মুক্ত করা হবে।
