রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে ৬ লাখ হেক্টরেরও বেশি বনভূমি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের শেষ দিকে পূর্ব সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জাবায়কালস্কি ক্রাই-তে দাবানলের সূত্রপাত ঘটে। শুরু থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গোলিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। এখনও জাবায়াকালস্কি ক্রাই’র বনভূমির ৪৯টি জায়গায় আগুন সক্রিয় আছে। এরইমধ্যে ৬ লাখ ২৯ হাজারের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছরে শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় বনবিভাগের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে পুড়েছে ১৪ লাখ হেক্টর বনভূমি।

দেশটির বনবিভাগ জানিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে যুক্তরাষ্ট্র ও কানাডায় যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন তার তিনগুণ বেশি।

ইউরোপের জলবায়ু পরিবর্তন সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জাবায়কালস্কিতে শত শত মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। বুরইয়াশিয়ার প্রাদেশিক প্রশাসন এরইমধ্যে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করার পাশপাশি বনভূমিতে চলাচল ও যাবতীয় কর্মকাণ্ডে স্থগিতাদেশ দিয়েছে।

রাশিয়ার ফেডারেল এরিয়াল ফরেস্ট প্রোটেকশন সার্ভিসের সরকারি তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে ২ হাজার ১০০ এর বেশি বনে আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights