রাশিয়ার স্বপ্ন ভেঙে চুরমার, ইতিহাস গড়তে পারবে কি ভারত?
অনলাইন ডেস্ক
রবিবার চাঁদ ছুঁতে গিয়ে চুরমার হয়ে গেছে রাশিয়ার স্বপ্ন। চাঁদের বুকে ভেঙে পড়েছে রুশ মহাকাশযান লুনা-২৫। এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে কোনও দেশের মহাকাশযান সফলভাবে অবতরণ করতে পারেনি। সেই ইতিহাসের দোরগোড়ায় এখন দাঁড়িয়ে আছে ভারত। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের পাঠানো মহাকাশযান ‘চন্দ্রযান-৩’। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কাছে এক অগ্নিপরীক্ষাই বটে।
জানা গেছে, ইতোমধ্যেই চাঁদের আরও কাছে পৌঁছে গেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। রবিবার রাশিয়ার আশাভঙ্গের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই এক এক্স বার্তায় (সাবেক টুইট) চন্দ্রযান-৩-এর অবতরণের সময় জানিয়ে দিয়েছে ইসরো।
ভারতীয় সময় রবিবার দুপুর ২টা ১২ মিনিটে ইসরোর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (youtube.com/watch?v=DLA_64yz8Ss…) চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। মাঝে আর মাত্র দুটি দিন। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ।
