রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। সংশ্লিষ্ট দেশের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ব্রোভারস্কি জেলার তিনটি স্থানে রুশ হামলা চালানো হয়।

তিনি বলেন, হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবন, কয়েকটি আনুষঙ্গিক স্থাপনা ও বেশ কয়েকটি গাড়ির ক্ষতি করেছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুনও ধরে যায়।

তাকাচেঙ্কো বলেন, ‘উদ্ধারকর্মীসহ প্রয়োজনীয় সব সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। হামলার ক্ষয়ক্ষতি মোকাবিলার কাজ চলছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী রাজধানীর একটি সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও লুব্রিকেন্টের একটি গুদামকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়ার সময় ওডেসার দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জলসীমায় দুটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচজন আহত হয়েছেন। একই ঘটনায় ইলস্কি তেল শোধনাগারে আগুন ধরে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ক্রাসনোদার অপারেশনাল হেডকোয়ার্টার্স জানায়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি ও বিশেষায়িত সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ ছাড়া রাশিয়ার লিপেৎস্ক অঞ্চলের জাদোনস্ক শহরে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগর আর্তামোনভ।

তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় চারটি ব্যক্তিগত বাড়ি, একটি গাড়ি ও একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন।

রাশিয়ার সামারা অঞ্চলেও একটি শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি করেছেন আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ। তিনি জানান, হামলার পর পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার বিভিন্ন এলাকা, রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া এবং আজভ সাগরের ওপর মোট ৩৯৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত ও ধ্বংস করেছে রুশ বাহিনী। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights