রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ৩০
অনলাইন ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছে।
ইউক্রেনের সুমির গভর্নর ওলেহ হ্রিহোরোভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের একটি শপিং মলে রাশিয়ার হামলায় ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, রাতভর বিমান হামলায় ক্রিভি রিহ শহর ও নিকোপোল জেলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এতে বহু আবাসিক ভবন ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ১৩টি অঞ্চলে ৪৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। ভোরোনেঝ সীমান্ত অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানিয়েছে, বরিসোগলেবস্ক শহরে একটি বাড়িতে ড্রোন বিধ্বস্ত হয়ে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় কয়েজজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি
