রাশিয়া ইউরোপে হামলা করবে?
অনলাইন ডেস্ক
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিস্ফোরক সতর্কবার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান শক্তি বর্তমান বিশ্বের জন্য ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
ভ্লাদিমির পুতিন তার সশস্ত্র বাহিনীকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন উল্লেখ করে স্টারমার বলেন, তিনি রয়্যাল নেভির একটি ক্যারিয়ার ফোর্সকে উত্তর দিকে গ্রিনল্যান্ডের অভিমুখে যাত্রার নির্দেশ দিয়েছেন। তার মতে, ইউক্রেনে কোনো শান্তি চুক্তি হলেও পশ্চিমাবিশ্বের ওপর থেকে রাশিয়ার হুমকি শেষ হয়ে যাবে না; বরং পুতিন পুনরায় অস্ত্রশস্ত্র বাড়ানোর সুযোগ পাবেন। যা শেষ পর্যন্ত ইউরোপের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে।
সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজনৈতিক মেরুকরণ নিয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দেশটির কট্টর বাম ও ডানপন্থী দলগুলোর সমালোচনা করে বলেন, রিফর্ম ইউকে বা গ্রিন পার্টির মতো দলগুলোকে সমর্থন করা জাতীয় নিরাপত্তার জন্য আত্মঘাতী হতে পারে। এই দলগুলোকে ‘রাশিয়ার প্রতি নমনীয় এবং ন্যাটোর প্রতি দুর্বল’ হিসেবে আখ্যায়িত করে তিনি দাবি করেন, চরমপন্থী এই দলগুলো ক্ষমতায় থাকলে ইউরোপে যুদ্ধের পথ আরও প্রশস্ত হবে।
স্টারমার অতীতের নেতাদেরও সমালোচনা করেন, যারা রাশিয়ার আগ্রাসী মনোভাবকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, চলতি দশকের শেষ নাগাদ রাশিয়া ইউরোপের বাকি অংশে আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা যে শান্তির ওপর দাঁড়িয়ে আছি তা দিন দিন নড়বড়ে হয়ে যাচ্ছে।
