রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াদ্দা গ্রামে তাঁর জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মৃত ফজর আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেওয়ার সময় আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights