রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রীর
অনলাইন ডেস্ক
ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর সাবেক প্রেমিকা জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমার দাবি, ২০১৪ সালে ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক চলাকালে একটি সহিংস ঘটনার পর তাঁকে বাড়ি থেকে সরাতে পুলিশ ডাকতে হয়েছিল। তবে সন্তানদের কথা ভেবে সে সময় আইনি পদক্ষেপ নেননি তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে এসব কথা জানান ৫২ বছর বয়সী জেমিমা। ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় রাসেল ব্র্যান্ডের কারাদণ্ডের পর তিনি বলেন, বিচারে সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া নারীদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। ব্র্যান্ড অবশেষে বিচারের মুখোমুখি হওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি।
সোমবার ব্রিটেনের আদালত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন। ২০০৯ সালে নিজের বাড়িতে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর সঙ্গে সংঘটিত অপরাধের বিচার চলে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে।
জেমিমা জানান, ২০১৪ সালের পর ব্র্যান্ডের সঙ্গে তাঁর আর দেখা বা কথা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের সহযোগিতা করেছিলেন তিনি। প্রয়োজনে ব্র্যান্ডের নির্যাতনমূলক আচরণ নিয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত ছিলেন।
২০১৫ সালে জেমিমা ও ব্র্যান্ডের নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ওই নিষেধাজ্ঞায় সিলভিয়া বারকিকে তাঁদের হয়রানি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। জেমিমার দাবি, ২০১৪ সালের ৭ জুন বারকি তাঁর বাড়িতে ব্র্যান্ডকে ম্যাসাজ দিতে এসেছিলেন। পরে বারকি পুলিশের কাছে ব্র্যান্ডের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেন। তবে পুলিশকে বক্তব্য ও সিসিটিভি ফুটেজ দেওয়ার পর অভিযোগের ভিত্তিতে মামলা করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
জেমিমার অভিযোগ, এরপর বারকি তাঁকে ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক বার্তা পাঠান। এ পরিস্থিতিতে হয়রানি ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা নিতে সম্মত হয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি
