রিকশাচালককে মারধরে বাধা, যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ন বাজানোর জেরে চালককে মারধরে বাধা দেওয়ায় জহুরুল প্রধান (৪৫) নামে ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এরশাদ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে এদিন রাতে মামলাটি দায়ের করা হয়।

নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে উপজেলার কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌঁছানোর মুহূর্তে হর্ন দেওয়ায় স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশার চালককে মারধর শুরু করেন।

এসময় ওই রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে মারধরে বাধা দেন। তখন এরশাদ আলী জহুরুল প্রধানের বুকে সজোরে ঘুষি মারেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল প্রধানকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নেয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে নামীয় তিনজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় জড়িত থাকায় এরশাদ আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights