রিসোর্টের সুইমিং পুলে ডুবে তিন বান্ধবীর মৃত্যু

অনলাইন ডেস্ক
তিন বান্ধবী অবকাশ কাটাতে গিয়েছিলেন একটি সমুদ্র-সংলগ্ন রিসোর্টে। কিন্তু এই আনন্দঘন সফর মর্মান্তিক পরিণতিতে শেষ হয়। তাদের কেউই সাঁতার জানতেন না। তবু সুইমিং পুলে নামেন তারা। এটাই কাল হয় তাদের। তিনজনই মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মঙ্গলুরুতে।

নিহতরা হলেন ২১ বছর বয়সী নিশিতা এমডি, ২০ বছর বয়সী পার্বতী এস, এবং ২১ বছর বয়সী কীর্থনা এন। তারা মাইসুরুর প্রকৌশলের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আনন্দ উপভোগের উদ্দেশ্যে তারা ‘ভাজকো’ নামের ওই রিসোর্টে যান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা সুইমিং পুলের অগভীর অংশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু এক পর্যায়ে একজন বন্ধুর গভীর পানির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা থেকেই ঘটে যায় বিপত্তি। পানিতে হাবুডুবু খেতে দেখে অন্য দুই বান্ধবী তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তারাও গভীর পানির ফাঁদে আটকে পড়েন। এক পর্যায়ে সাহায্য পেতে ব্যর্থ হয়ে তারা পানিতে তলিয়ে যান।
রিসোর্টের কর্মীরা পরে তাদের নিথর দেহ উদ্ধার করেন। মঙ্গলুরু পুলিশের কমিশনার অনুপম আগরওয়াল জানান, এটি একটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’। পুলের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকার অভিযোগে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ ঘটনায় পুলের আশেপাশে কোনো লাইফগার্ড না থাকা এবং পুলের গভীরতা সম্পর্কিত কোনো সাইনবোর্ড না থাকার বিষয়টিও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, রিসোর্ট কর্তৃপক্ষের নিরাপত্তা গাফিলতির কারণে এ করুণ পরিণতি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights