রুমায় কেএনএ’র ঘাঁটিতে সেনা অভিযান, প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং তলাং এলাকায় ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত একমাস রুমা উপজেলার দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে রেং তলাং এলাকায় ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা কেএনএ’র প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করে নেয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights