রুমায় বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সন্ত্রাসী নিহত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর ৩ সদস্য নিহত হয়েছে।
আজ রবিবার ২৪ নভেম্বর দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে ‘কেএনএ’ এর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ‘কেএনএ’র ৩ সদস্য নিহত হয়। এবং সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তবে এ ব্যাপারে এখনো কোন বিস্তারিত তথ্য জানায়নি আইএসপিআর।
এর আগে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর ৮ এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচির দুর্গম পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে।
