রূপগঞ্জে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানায়, মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কে রিসোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা অবস্থান করছিলেন। এ সময় ১৪ থেকে ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রিসোর্টে প্রবেশ করে। পরে তারা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল ফোন ও নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করে।
ডাকাতির খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিসোর্টটি চারদিক থেকে ঘিরে ফেলে। তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকেই ডাকাত দলের সদস্য শুক্কুর আলী (৪৮) ও আব্দুল আহাদকে (৩৫) আটক করা হয়। পরে ধাওয়া দিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল হাসান (২৮) ও রাব্বি হোসেনকে (৩০) আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো ওসি।
