রূপগঞ্জে চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটো রিক্সাটি।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইল থানাধীন নয়ানি পাড়ার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদের ছেলে হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চালক বাবুলকে তার অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে এস,আই আরো জানান। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights