রূপগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে রাকিব হাসান (২১) নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন নিহত রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি আক্তার। নিহত রাকিব হাসান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।
বাদী আখি আক্তার অভিযোগ করে জানান, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্য দিবালোকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল, জাকির হোসেন ও মিল্লাতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আসামি পক্ষের লোকজন গত ২৩ অক্টোবর বিকেলে গোলাকান্দাইলের বাড়িতে এসে মামলা তুলে না নিলে “তোর ভাইকে যেভাবে খুন করছি তোকেও একই ভাবেই খুন করবো”- বলে আমাকে হত্যার হুমকি দেয়।
হুমকির পর থেকে মামলার বাদী আখি আক্তার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার বাদীকে আসামিরা হত্যার হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
