রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে (এসিএন্ডএস) এই বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান এসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস অভ্যর্থনা জানান।
বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল কমান্ডারগণ ও অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।
সেই সাথে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া, রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান কোর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
