রেলস্টেশনে টাকার জন্যই বাকপ্রতিবন্ধী ববিকে নির্যাতন : র্যাব
অনলাইন ডেস্ক
নরসিংদীর রায়পুরায় রেলস্টেশনে নির্মম নির্যাতনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন মো. ইলিয়াস (৩৫), মো. সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), মো. দ্বীন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০) ।
র্যাব জানায়, ববি বেগমের কাছে জমানো টাকা লুট করতেই হামলা চালিয়ে মারধর করা হয়। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ছায়া তদন্তের ধারাবাহিকতায় পরদিন বৃহস্পতিবার মেথিকান্দা রেলস্টেশন থেকে ইলিয়াস, সাকিব ও বেলালকে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে দ্বীন ইসলাম ও রিফাতকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান।
তিনি বলেন, ববি বেগমের কাছে নগদ টাকা থাকার বিষয়টি হামলাকারীরা আগে থেকেই জানত। এর প্রেক্ষিতে তারা গভীর রাতে হামলা চালিয়ে টাকা লুট করে। বাকপ্রতিবন্ধী ববি প্রায় ২৫ বছর ধরে ওই রেল স্টেশনের একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। তাকে এলাকাবাসীরাও চিনতেন এবং বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে আসা যাত্রীরাও তাকে আর্থিক সহযোগিতা করতেন। তার কাছে থাকা দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে গ্রেফতাররা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ৪ জুলাই গভীর রাতে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ৭০ বছর বয়সী ববি বেগমের ওপর হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
