রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো তিনজন।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।
