রেস্টুরেন্টে অসুস্থতা অনুভব, হাসপাতালে নেওয়ার পর জবি ছাত্রদল নেতাকে মৃত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের আকস্মিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে পুরান ঢাকায় রেস্টুরেন্টে খাওয়ার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। এরপর তাকে দ্রুত পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসিব জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়।

এ বিষয়ে জবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা পুরান ঢাকায় একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম। এ সময় হাসিব ভাই হঠাৎ অসুস্থ অনুভব করেন। আমাকে বলছিলেন, উনি নিশ্বাস নিতে পারছেন না। তার শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি তাকে দ্রুত পানি খেতে দেই। পানি মুখে নেওয়ার আগেই হাসিব ভাই পড়ে যান। তখন আমি তাকে পেছন থেকে ধরে ফেলি। এরপর জরুরিভাবে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে যখন নিয়ে আসা হয়, তার পালস ছিল সামান্য। পরে যখন আমরা ইসিজি করি, কোনো হৃদস্পন্দন ছিল না। আমরা ধারণা করছি উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা খুবই মর্মাহত এবং শোকাহত। হঠাৎ করে হাসিবের চলে যাওয়া মেনে নেওয়ার মতো না। এই মুহূর্তে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই দোয়া করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights