রোহিতের উপর চটেছেন সুনীল গাভাস্কার

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। তার পরেই বিশেষজ্ঞদের অনেকে আঙুল তুলেছেন ভারতীয় দলের প্রস্তুতির দিকে। সে দেশে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারত। নিজেদের মধ্যেই একটি ম্যাচ খেলেছেন রোহিত শর্মার দল। প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি একটি ব্যাখ্যা দেন। সেই ব্যাখ্যা মানতে নারাজ ভারতের কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার। রোহিতদের উপর চটেছেন তিনি।

প্রথম টেস্টে হারের পর রোহিত জানান, প্রস্তুতি ম্যাচে নিজেদের পছন্দের পিচ বা সে রকম কঠিন প্রতিপক্ষ তাদের দেওয়া হয় না। সেই কারণে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচ না খেলে নিজেদের মধ্যেই একটি ম্যাচ খেলেছিলেন তারা। সম্প্রতি ভারত অধিনায়কের এই কথার সমালোচনা করেছেন গাভাস্কার। তার মতে, এই যুক্তি অর্থহীন।

গাভাস্কার বলেন, আমি বুঝতে পারছি না রোহিত কেন এ রকম একটা কথা বলল। প্রস্তুতি ম্যাচে যারা খেলে তারা বেশির ভাগ সে দেশের এ দলের ক্রিকেটার। অর্থাৎ, তারাও জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। এই ধরনের ম্যাচে তারা নির্বাচকদের নজর কাড়ার চেষ্টা করে। সেই কারণে, তারা হালকাভাবে খেলে না। নিজেদের সেরাটা দিয়েই খেলে। তাই সেই সব ক্রিকেটারদের বিরুদ্ধে খেললে ভারতের ভালোই হত। সেটা রোহিত কেন বুঝছে না জানি না। এই সিদ্ধান্ত নিয়ে ও দলেরই ক্ষতি করছে।
তিনি বলেন, আমাদের সময়ে আমরা সিরিজের অনেক আগে অনুরোধ করতাম যাতে এ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে প্রস্তুতি সারতে পারি। বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের অনুরোধ রাখা হত। সবটাই পরিকল্পনার উপর নির্ভর করছে। আগে থেকে বললে সবই হয়। এতে ভারতীয় ক্রিকেটেরই ভালো হতো।

নিজেদের মধ্যে খেললে আদতে কোনো লাভ হয় না বলেই মনে করেন গাভাস্কার। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, নিজেদের মধ্যে খেলা হলে কেউ নিজের সেরাটা দেয় না। কারণ, কেউ চোট পেতে চায় না। তারা সবাই জানে কে দলে রয়েছে, কে নেই। তা ছাড়া নিজেদের দলের ক্রিকেটারদের মধ্যে খেললে তাতে কোনো লড়াইয়ের মানসিকতা থাকে না। তাই ক্রিকেটারদের কাজে লাগে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পরে ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু দ্বিতীয় টেস্ট। এই টেস্ট জিততে পারলে সিরিজ ড্র করবে ভারত। না হলে আরও একবার দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ হেরে ফিরতে হবে রোহিতদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights