র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
এক যুগেরও বেশি সময় ধরে পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন ওরফে জনিকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২০ আগস্ট) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফয়তার করা হয়।

সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন ওরফে জনি একজন পেশাদার মাদক কারবারি। গত ২৭ ফেব্রুয়ারি ২০১০ সালে মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। পরে আসামি বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার আসামি ৩ দিন জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক জীবন-যাপন করছিলেন। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি জানায়- আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সে আত্মগোপনে থাকতো। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights