লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় নগদ টাকা ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজন ভাই। তাঁরা হলেন, পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেনের ছেলে আহম্মদ ফারুক রবিন (৩৪) ও আহম্মদ আল আরেফিন। গ্রেপ্তার অপরজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে আহসান আহম্মেদ (২৪)।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
‎
তিনি আরও জানান, বিলাসবহুল বাড়িটির কেয়ারটেকার হিসেবে রাখা হয় রবিনকে। সেই সুবাধে ওই বাড়িতে মাদক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে।
‎
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। অভিযানে আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights