লক্ষ্মীপুরে ৫৮ মেধাবী পেল ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ‘রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এসডিএফে’র জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, এসডিএফ’র কুমিল্লা অঞ্চলের পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর জেডএম ফারুকী, প্রফেসর মাইন উদ্দিন পাঠান, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মো. আহসানুল আলম খন্দকার, আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড) মো. রিয়াজ হাসান ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

আয়োজকরা জানায়, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে এসডিএফ’র প্রকল্পের মাধ্যমে জেলায় ৫৮ জন মেধাবীকে শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে। প্রত্যেককে ২৪ হাজার টাকা করে ৩ বছরে ৭২ হাজার টাকা প্রদান করা হবে। এর অংশ হিসেবে শেষ কিস্তিতে ৫৮ জনকে ১৩ লাখ ৯২ হাজার টাকার চেক দেওয়া হয়। এর আগে দুবার ৫৮ জনকে একই পরিমাণ চেক দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, প্রত্যেকটি লক্ষ্যমাত্রার সঙ্গে যদি আমরা একাত্ম হতে পারি তাহলে পৃথিবীকে কাঙ্খিত উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবো। এ উন্নয়ন আমার জন্য বা আমার প্রজেন্মর মধ্যে সীমাবদ্ধ নয়। কয়েক প্রজন্মের জন্য এটি টিকে থাকবে টেকসই উন্নয়ন হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights