লন্ডনে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর ও আমীর খসরুর বৈঠক

অনলাইন ডেস্ক
লন্ডনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা জানা যায়নি, তবে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘিরে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, একই সময়ে ও একই স্থানে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় দুপুর ২টা) দিকে তারা লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকে বসেন।

বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই হোটেলে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন বলে জানা গেছে।

দুই ঘণ্টার এই বৈঠককে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটিকে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সম্ভাব্য প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights