লন্ডনে বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, প্যাডিংটনের অ্যাবারডিন প্লেসে লাগা এ আগুন নেভাতে দমকলের ১৫টি ইউনিট ও প্রায় ১০০ কর্মী কাজ করেছেন। ঘটনাস্থল ব্যাপক ধোঁয়ায় আচ্ছন্ন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়) আগুনের খবর পায় লন্ডন ফায়ার ব্রিগেড।

আগুন দ্রুতই পাশের একটি আবাসিক ভবনের ছাদে ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রায় ৮০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

বিবিসি জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সম্ভবত একটি বিস্ফোরণের পর প্রচুর কালো ধোঁয়া আকাশে উড়ছে। ধোঁয়ার হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা এবং জরুরি পরিষেবার কর্মীদের মাস্ক পরতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, সকাল সাড়ে ৭টা নাগাদ তার স্ত্রী তাকে জানালে তিনি শোয়ার ঘরের জানালা দিয়ে আগুন দেখতে পান। তিনি বলেন, ঘন কালো ধোঁয়ার মধ্যে বিশাল শিখা দেখা যাচ্ছিল। এটা সাধারণ কোনো বাড়ির আগুন ছিল না।

তিনি আরও জানান, তার গাড়িটি কর্ডন করে রাখা এলাকার মধ্যে আটকে আছে এবং কখন সেটি নিতে পারবেন সে সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত স্টেশন কমান্ডার পল মরগান বলেন, আগুনটি বেশ দৃশ্যমান এবং প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে। বাসিন্দাদের তাদের জানালা ও দরজা বন্ধ রাখতে এবং সম্ভব হলে ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এক মাস আগেই নর্থ হাইড বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে হিথ্রো থেকে আসা-যাওয়া ১ হাজার ৩০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights