লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিশেষ প্রতিনিধি
উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালের মধ্যেই তাঁকে নিয়ে চিকিৎসক দলের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা। কাতারের আমিরের দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নেত্রীকে লন্ডন নেওয়া হবে। বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের লন্ডন থেকে ঢাকায় পৌঁছার কথা আজ সকালে।

চেয়ারপারসনের সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৪ জন সহযাত্রী হচ্ছেন। এর মধ্যে এসএসএফের দুজন সদস্যও রয়েছেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের নিজস্ব চিকিৎসক ও নার্সের একটি দলও থাকছে। ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে গতকাল সন্ধ্যার পর থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার জটিলতা এখনো কাটেনি। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত ও সুচিকিৎসার জন্য তাঁকে অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টারে নেওয়ার এখনই সময়। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল দুপুরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিকাল বেলা পৌনে ৩টার দিকে হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights