লাইনম্যানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
সরকারি নিয়ম অনুযায়ী, লালমনিরহাট রেলস্টেশনে লাইনম্যান হিসেবে পোস্টিং হলেও ফারুক মণ্ডল থাকছেন দিনাজপুরে। সেখানে কোনো পদ না থাকা সত্ত্বেও তিনি চাকরি করছেন। অভিযোগ উঠেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যতার জোরে তিনি এভাবে সরকারি বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা নিচ্ছেন, যা রেলওয়ের নিয়ম-শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন।
দিনাজপুর রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) (অতিরিক্ত দায়িত্ব) মাজেদুর ইসলাম জানান, ফারুক মণ্ডলের কোনো অফিসিয়াল পোস্টিং এখানে নেই। হাজিরা খাতায় তার নাম নেই। তবুও তিনি নিজের খেয়ালমতো এখানে আসেন এবং চলে যান। এ নিয়ে আমাদের কাছে কোনো নির্দেশনাও নেই।
কর্মীদের অভিযোগ, দিনাজপুর রেলস্টেশনে কোনো পদ না থাকা সত্ত্বেও ফারুক মণ্ডল এখানকার পরিবেশে আধিপত্য বিস্তার করছেন। বদলির ভয় দেখিয়ে কর্মীদের চুপ থাকার বাধ্য করছেন। কেউ তার আচরণের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
ফারুক মণ্ডল নিজের অবস্থান নিয়ে বলেন, আমার পোস্টিং লালমনিরহাটে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আমিনুল ইসলামের নির্দেশে আমি দিনাজপুরে কাজ করছি। মাঝে মাঝে লালমনিরহাটে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করি।
লালমনিরহাট রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে ফোন কেটে দেন।
স্থানীয় কমর্চারীরা মনে করছেন, এই ধরনের অব্যবস্থাপনার কারণে ফারুক মণ্ডল রেলওয়ের নিয়ম-কানুনকে উপেক্ষা করে চলার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
