লাকসামে মহান বিজয় উদযাপন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, লাকসাম প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ও পৌরসভা ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা প্রশাসন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে সালাম প্রদান করা হয়।
এদিকে, কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে এবং লাকসাম বণিক সমতির আহ্বায়ক ও ভাইয়া গ্রুপের পরিচালক মজির আহমেদের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এবং পৌরসভার প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
অপরদিকে পৃথকভাবে বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের নির্দেশে পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম এবং হুমায়ন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুলের নেতৃত্বে আরেকটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলাম লাকসাম উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দদের আয়োজনে বিশাল বিজয় র্যালি বের করা হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ ও সদস্য সচিব ফারুক আল শারাহ’র নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
