লাঠির আঘাতে সবজি বিক্রেতার মৃত্যু

ভোলা প্রতিনিধি:
ভোলায় যুবকের লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ সুজন নামের মাদকাসক্ত যুবককে আটক করেছে।

নিহত আব্দুর রব সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। আব্দুর রব পেশায় সবজি বিক্রেতা ছিলেন। অপর দিকে অভিযুক্ত সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। সে মাদক মামলায় বেশ কয়েক মাস ভোলা কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়েছে। এক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকে লাঠিতে ভর দিয়ে তিনি চলাফেরা করতেন।

নিহতের ভাই আব্দুল হাই এবং ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, বেলা সাড়ে ১২টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights