লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় বেড়াতে আসা দুই নারী পর্যটককে হেনস্তা করে তাদের স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ স্থানীয় এক রিসোর্টের ম্যানেজার এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) লামা উপজেলার মাতামুহুরী নদীর পাড়ে অবস্থিত রিভার সাইড রিসোর্টে নারী হেনস্তার এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে বের হয়ে শ্লীলতাহানির শিকার এক নারী লামা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (২৮ জুন) রাতে ওই রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয়কে (২৮) গ্রেফতার করে। পরদিন সোমবার (২৯ জুন) তাদের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হেনস্তার শিকার ওই দুই নারী তাদের এক স্বজনকে নিয়ে নৌকা ভাড়া করে নদীপথ ভ্রমণে আসেন। একপর্যায়ে তারা টয়লেট ব্যবহারের জন্য নদীর পাড়ের ওই রিসোর্টে যান। তবে টয়লেট দেখানোর নাম করে ম্যানেজার রাশেদ ওই দুই নারীকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে হৃদয়ের সহযোগিতায় তাদের অশ্লীল অবস্থায় ফেলে ভিডিও ধারণ করে। পরে তাদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, হেনস্তার শিকার নারীর লিখিত অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণালংকার এবং ছিনিয়ে নেওয়া টাকা থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হেনস্তার শিকার দুই নারী ও তাদের এক পুরুষ স্বজন পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights