লারাক দ্বীপে তেল উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে: ইরান
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলার পরও তেল সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোরজ। তিনি জোর দিয়ে বলেছেন, দ্বীপের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো বাধা ছাড়াই তেল উত্তোলনের কার্যক্রম চলছে।
হামিদ বোরজ সাংবাদিককে বলেন, ট্রাম্পের টুইটগুলো হাস্যকর। খার্গের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে খার্গের তেল স্থাপনা ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। কিন্তু কর্মী ও শিল্প পরিচালনাকারী কর্মকর্তারা তেল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হতে দেয়নি।
বোরজ দ্বীপটিতে নির্মাণ ও কারিগরি কাজ অব্যাহত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন। এই কর্মকর্তা বলেন, আমি যখন আপনার সাথে কথা বলছি, ঠিক তখনই বেশ কয়েকজন ঠিকাদার স্টোরেজ ট্যাঙ্কগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ করছেন। জেটি ও ট্যাঙ্ক পুনর্নির্মাণের পাশাপাশি আগে থেকে পরিকল্পিত অন্যান্য প্রকল্পের কাজও কোনো বাধা ছাড়াই চলছে।
এনআইওসি-এর প্রধান জানান, এসব প্রকল্পের মধ্যে কোনোটির কাজ ২০ শতাংশ আবার কোনোটির কাজ প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সবগুলোর কাজই চলমান রয়েছে। খার্গ দ্বীপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করার পরই বোরজ এসব মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে বিস্ফোরণ ও আগুনের শিখার মাঝে তেল স্থাপনাগুলো দেখা যাচ্ছিল এবং ক্যাপশনে লেখা ছিল, খার্গ দ্বীপকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই খার্গ দ্বীপ নিয়ে ট্রাম্পের এই দাবি সামনে আসে। রবিবার রাতে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান ও ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ওই হামলার জবাবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হুমকি ও হামলা সত্ত্বেও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী জোর দিয়ে বলেন, খার্গ দ্বীপে তেল কার্যক্রম ব্যাহত হয়নি এবং দ্বীপটিতে সংস্কার, আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো অব্যাহত রয়েছে।
