লালপুরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের দলু খান ওরফে দইলুদ্দিন খানের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধুপইল গ্রামে বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় একটি মেহগনী গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মজিবর রহমান আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের শার্টের পকেট থেকে পাওয়া চিরকুটটি যাচাই বাছাই করা হচ্ছে।’
