লালপুরে ধর্ষণচেষ্টা মামলায় ২ জনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের একটি ধর্ষণচেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুই জনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম।

আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ে উভয়পক্ষকে ৪০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত আসামি তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করে। এর মধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে। এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। কিন্তু আসামিরা তাতে সায় না দেয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। আদালত তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। জরিমানার এই টাকা ভিকটিম প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সাজা একটা শেষ হয়ে আরেকটা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights