লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
অনলাইন ভার্সন
রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে লালবাগ থানার আরএনডি রোড জমজম টাওয়ারের পঞ্চম তলায় বাসা থেকে মরদেহটি উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার।

নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে তিনি লালবাগের বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই ইমামগঞ্জের একটি ব্যাংক কর্মকর্তা। ওই বাসায় ছিলেন আমার বৃদ্ধা মা নুর জাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান। তার স্ত্রী রুমে ঢুকে দরজা বন্ধ করে তাকে কুপিয়ে হত্যা করে। নজরুল বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। সে আহত অবস্থায় কোনো রকমে দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, মা বঁটিটা ধরো। সেই সময়ে বঁটিটা ছিল তার স্ত্রীর হাতে। তার শাশুড়িও এতে জড়িত ছিল।

তিনি দাবি করে বলেন, ধারালো বঁটির আঘাতে গলায় ও দু’হাতসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখম রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমাদের ঊর্ধ্বতনরা তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights