লালবাগ শহীদ নগরে প্রতিবন্ধী নারীর আত্মহত্যা

ঢাকা মেডিকেল করেসপন্ডেন্ট
রাজধানীর লালবাগ শহীদ নগরে একটি টিনশেড বাসায় মোছা. ফারজানা বেগম (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা জানিয়েছেন, তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানার ভাই মো. হানিফ বলেন, ফারজানা শারীরিক প্রতিবন্ধী ছিল। বিকালে সবার অগোচরে টিন সেডের ভাড়া বাসায় দরজা বন্ধ করে সিলিংয়ের বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার ছেলে দরজা খোলার চেষ্টা করে কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানায়। পরে লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এবং কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বলতে পারেননি স্বজনরা।
মৃতের ভাই হানিফ জানান, রানা নামে এক রিকশা চালকের সঙ্গে তিন মাস পূর্বে ফারজানার বিবাহ হয়। আগের স্বামী আলমের সাথে অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়। ওই ঘরের এক ছেলে এক মেয়ে রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট লালবাগ থানা পুলিশ অবগত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights