লালমনিরহাট সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ মার্চ) পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের চেষ্টা চলছে এমন তথ্য পেয়ে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং ১১টায় অনন্তপুর বিওপির টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযান চলাকালে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং প্যান্টের কাপড়ের ৩টি থান জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে স্বর্ণকাতান শাড়ির মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্যান্টের কাপড়ের মূল্য ৩৬ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights