লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
অনলাইন ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ মিয়াজী বাড়ির সামনে ‘প্লাস্টিক বর্জন করে বৃক্ষকে গ্রহণ’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্লাস্টিকের বিনিময়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের দুই শতাধিক চারা গ্রামের শিশু কিশোরদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। পরে কিছু চারা গ্রামের কাঁচা সড়ক ও দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে রোপণ করেন সংগঠনের সদস্যরা।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, ব্যবসায়ী আবদুর রহমান, বিএনপি নেতা ফখরে আলম, আবদুর রশিদসহ অনেকে।
ওসমান গনি রিংকু বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না বলেন, বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। আশা করি, আগামীতেও সংগঠনটি প্রতিমাসে আমাদের উপজেলায় কর্মসূচি রাখবে।
