লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে রিয়ালের সহজ জয়

অনলাইন ডেস্ক

আলো ঝলমলে পারফরম‍্যান্সে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল কার্লো আনচেলত্তির দল। স্পেনের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম‍্যাচে শনিবার রাতে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন বেলিংহ‍্যাম ও রদ্রিগো।

ম্যাচের ২৮তম মিনিটে দানি কারভাহালকে বল বাড়িয়ে সামনের দিকে ছোটেন রদ্রিগো। বল প্রায় হারিয়েই ফেলেছিলেন স্প‍্যানিশ ডিফেন্ডার। তার স্লাইডে প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে বল পেয়ে যান রদ্রিগো। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস জুনিয়র। পায়ের কারিকুরি ও গতিতে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু অনেকটা গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটু পরেই নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। ডাভিড আলাবার কর্নার থেকে বল পেয়ে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন বেলিংহ‍্যাম। অনেকটা বাউন্স করে ক্রসবার ঘেঁষে যাওয়া বলের নাগাল পাননি সিমোন।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বিলবাও। সহজ, কঠিন মিলিয়ে অনেক সুযোগই পেয়েছিল তারা। কিন্তু এরপরও সেভাবে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনের কোনো পরীক্ষাই নিতে পারেনি বিলবাও। অনেকটা সময় রক্ষণাত্মক ফুটবল খেললেও কখনও ৩ পয়েন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়নি সফরকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights