লুঙ্গির ভাঁজে মিলল পৌনে দুই কোটি টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে পৌনে দুই কোটি টাকার ৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মিজানুর রহমান (৬১) নামে ওই পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

আটক মিজানুর রহমান দামুড়হুদার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে মুন্সিপুর বিওপির একটি টহলদল ওই এলাকার সড়কে অবস্থান নেয়। এ সময় কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights