লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত আরও একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামালকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উক্ত ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এখন পর্যন্ত লেফটেন্যান্ট তানজিম হত্যা এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যাদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেফতার কামালকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত হন।
